ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ১৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। 

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ রোববার (১৯ এপ্রিল) রাতে এই তথ্য জানিয়েছেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বগুড়ায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামীকাল সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করবেন। 

এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

এছাড়াও আগামীকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম- রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামীকাল সোমবার থেকে দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আশা করি আগামী ১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এদিকে যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি