ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের গাড়িবহরে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৪, ১৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এমপি আয়নুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এমপিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি। 

হামলার জন্য জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

ঘটনার পর এ নিয়ে ভিডিওবার্তা দিয়ে সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে ধানগড়া এলাকায় এমপি আয়নুল হক অবস্থানকালে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ও তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আয়নুল হক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি