সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশিত : ১৬:০৫, ১০ এপ্রিল ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ভারত সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত জয়ধর কোম্পানীগঞ্জের দয়ারবাজার কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক রাত সাড়ে আটটার দিকে সীমান্ত অতিক্রম করে সালেহ আহমেদ আরও দুজনসহ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা হলেন নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া (২৫) ও একই এলাকার মাসুম আহম্মদ (২০)। তাঁরা ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেন।
এসময় তাঁরা খাসিয়াদের সুপারিবাগানের একাংশে অবস্থানকালে খাসিয়ারা সুপারি চোর সন্দেহে বন্দুক দিয়ে কয়েকটি ছররা গুলি ছোড়েন। এ সময় জয়ধর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর অপর দুই সঙ্গী তাঁকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারী তিনজনই ইতিপূর্বে চোরাই মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে লাশ সুরতহাল করার জন্য।’
এমআর//
আরও পড়ুন










