ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’হলেন মো. কামরুল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। 

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

গত ২৩ নভেম্বর ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের কর্পোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা জানানো হয়।

পুরস্কার অর্জনের পর প্রতিক্রিয়ায় মো. কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই অর্জন তার একার নয়; বরং এটি প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং বিচারকমণ্ডলীর অবদানের কথাও স্মরণ করেন।

আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের একজন পরিচিত মুখ। ব্র্যান্ড মার্কেটিং দিয়ে ক্যারিয়ার শুরু করার পর ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোং লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। 

পরবর্তীতে এসিআইয়ে যোগ দিয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ব্যবসায়িক ডিরেক্টর হিসেবে বহুমুখী পোর্টফোলিও সামলানোর পর তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) এবং পরবর্তীতে নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারজাতকরণ ও এর প্রসারে তার ভূমিকা বিশেষভাবে স্বীকৃত। 

এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং টুইংকেল বেবি ডায়াপারের মতো জনপ্রিয় পণ্যগুলোও তার হাত ধরে বাজারে প্রতিষ্ঠিত হয়েছে। 

সহকর্মীদের মাঝে দায়িত্ব ও মালিকানাবোধ তৈরি করা, উপাত্তভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে উৎসাহ দেওয়াকে তিনি নিজের নেতৃত্বের মূল চাবিকাঠি বলে মনে করেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি