ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ দেখিয়েছে নেপাল। আঞ্চলিক যোগযোগ, বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাওয়ার প্রেক্ষাপটে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।

আজ রোববার বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)র দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে নেপালের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুতারোপ করে।

এ সময় নেপালের রাষ্ট্রদূত তাদের বিমান ও পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

প্রস্তাবিত পরিকল্পনাটিকে আঞ্চলিক বিমান যোগযোগ বাড়ানোর একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের কিছু এলাকার সরাসরি যোগাযোগ সহজ হবে।

এছাড়াও আকাশপথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং পর্যটক বাড়াতে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ভাড়া নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি