ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা, নেপথ্যে পরকীয়া

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫, ৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

মেহেরপুর শহরের শেখ পাড়ায় স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করেছে তার মামাতো ভাই। প্রতিবেশী এক নারীর সঙ্গে অভিযুক্তের পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

মঙ্গলবার (৫ মে) রাত আটটার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় একজন রিকশাচালক। তিনি শেখ পাড়ার ইয়াসিন আলীর ছেলে। অভিযুক্ত কালু একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহতের মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত। 

নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, তার স্বামী সন্ধ্যার পর বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারে তার স্ত্রী আলিয়া খাতুন এবং দুই মেয়ে গোলাপি ও ফাতেমা রয়েছে।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। গত রোববার একটি ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। 

তবে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত কালু ও ঘটনা সংশ্লিষ্ট নারী বন্যা আত্মগোপনে রয়েছেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি