ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ২৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন আরও বেশি কঠিন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত।

মন্ত্রী আরও বলেন, দেশে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকার কারণে আমরা পদে পদে বিপদে পড়ছি। ১৭-১৮ বছর এ প্রক্রিয়ার কারণেই তৃণমূল পর্যায়ে গ্রামীণ এলাকা নানাবিধ সমস্যার সম্মুখিন। আমরা নির্বাচিত হয়েছি দুই মাস হয়েছে। দেশে স্থানীয় সরকারের প্রতিনিধি খুব একটা নেই। এলাকার চেয়ারম্যান নেই, মেম্বার নেই। অনেকে পলাতক আছেন, অনেকে কাজ করার মতো সুযোগ নেই, কাজও হচ্ছে না। যারা আছে তাদেরকে আমরা সবাই সহযোগিতা করবো।

এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি