স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া সরকারের বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৯:৪৩, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৮, ২৬ জুন ২০২৬
বর্তমান ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দ দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, "সরকার সব খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম অগ্রাধিকার।"
শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হাসপাতালের বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি দূর করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, "রোগী হাসপাতালে এসে যদি কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পায় এবং চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে হয়, তাহলে সেটি হাসপাতালের ব্যর্থতা। দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এ বিষয়ে আমি কারও সঙ্গে কোনো আপস করব না। এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতা।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে না পারে বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। হাসপাতালের সুনাম ও সেবার মান ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










