ঢাকা, বুধবার   ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত কয়েকজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী।

তবে এনসিপি পদযাত্রায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সার্কিট হাউজ এলাকায় এই ঘটনাটি ঘটে।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসিন আরাফাত বলেন, “বিএনপি ও ছাত্রদলের কর্মীরা হামলা সারজিস আলম ও নাসীরুউদ্দিন পাটওয়ারীকে লক্ষ্য করে এই হামলা চালায়। এতে এনসিপি নেতা সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছে।”

ওই ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ও ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় কিছু ব্যক্তির হাতে লাঠিসোটা রয়েছে। সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর ও সেই গাড়িতে থাকা গণমাধ্যমকর্মী ও ড্রাইভারকে মারধর করা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, যারা হামলা করেছেন, সেখানে এক ব্যক্তিকে মারপিটে অংশ নিতে দেখা যায়।

সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেন, “হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে”।

তবে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ নাচক করে দিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোঃ জি কে গউছ বলেন, “এনসিপির সাথে আমাদের তো কোনো বিরোধ নাই, তাদের ওপর হামলা করার কোনো কারণ নেই। আমি শুনেছি কে বা কারা তাদের ওপর হামলা করেছে, কিন্তু আমরা এর সাথে জড়িত নই।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি