ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

হামে শিশুমৃত্যুর দায় আমার, এটি সরকারের ব্যর্থতা নয়: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৫, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

হামে শিশুদের মৃত্যু দায় আমার, তবে এটি সরকারের ব্যর্থতা নয়। পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ দায় অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এ দায় নিতে হবে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা ভারত থেকে আনা হয়েছে বলে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। এটি সত্য নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। স্বল্পমূল্যে এসব টিকা আনা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ব্যবহৃত হামের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এসব টিকা সরবরাহ করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকা সরবরাহের স্বীকৃত প্রতিষ্ঠান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের পরিবর্তে অন্য কোনও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা সংগ্রহের পর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ তাকে জীবিত রাখতো না।

তিনি বলেন, অনেক অভিভাবক তাদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না। বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি বলে তিনি জানতে পেরেছেন। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হামের রোগীদের প্রায় কারও টিকা নেয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি