২৪ ঘণ্টা পর কাজে ফিরলেন রামেক হাসপাতালের ইন্টার্নরা
প্রকাশিত : ১৫:০৫, ২২ এপ্রিল ২০২৬
টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় তিনি বলেন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মতি দিয়েছেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
ঘোষণার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রমে যোগ দেন।
এর আগে, হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে, কর্মবিরতির সময়ও চিকিৎসা সেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে হাসপাতালের মূখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কর্মবিরতিতে থাকলেও মিড ও সিনিয়র পর্যায়ের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।
এ সময় ইন্টার্ন ডক্টরস সোসাইটি সদস্য ডা. আবিরা সুলতানা, ডা. নাসরুল্লাহ শেখ উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










