ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৯, ২০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আগামী ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম এ তথ্য জানান।

এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ হতে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন। জাপান সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি-বেসরকারি বৈঠকে অংশগ্রহণ ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন বলে প্রাথমিকভাবে সফরসূচি নির্ধারিত হয়েছে।

সফরের দ্বিতীয় দিনে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানান সচিব।

তিনি জানান, প্রধানমন্ত্রীর অন্যান্য সম্ভাব্য বৈঠকের ও কর্মসূচির মধ্যে রয়েছে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জাপান ব্যাংক কর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের গভর্নর, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি, সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক, জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেওয়া। 

পররাষ্ট্রসচিব জানান, সফরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জাপানের ফুৎসু সিটি, চিবাতে এলএনজি টার্মিনাল এবং পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন, ইউনিক্লো কোম্পানির হেডকোয়ার্টার এবং নাগোয়াতে টয়োটার কারখানা পরিদর্শন করবেন।

সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রায় আটটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে। কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় আলোচনায় রয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জাপান। ঢাকা মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো বড় অবকাঠামো প্রকল্পে দেশটির সহযোগিতা রয়েছে। 

আসন্ন সফরে চলমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে। সম্ভাব্য সমঝোতাগুলো বাস্তবায়িত হলে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন যারা

জানা গেছে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ (এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মসংস্থান বিষয়ক) ব্যক্তিরা প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

ঐ.মিষ্টি/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি