৪৪তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জনকে প্রভাষক পদে পদায়ন
প্রকাশিত : ১১:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এসকল কর্মকর্তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা ইতোমধ্যে তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে সুপারিশ করা হলেও চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজে তাদের পদায়ন করা হয়েছে।
এতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোথাও বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দিয়ে বলা হয়, কর্মকর্তারা যোগদানের পর সে-সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
এছাড়া, পদায়ন করা কলেজে পদ শূন্য না থাকলে বা অন্য কোনো জটিলতা দেখা দিলে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










