ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ চিকিৎসকের যোগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক যোগদান করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ দিয়েছেন।

যোগদান উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ একটি যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদ সৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান নিশ্চিত করা হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘পদায়নের ক্ষেত্রে মানবিক দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। দম্পতি চিকিৎসক বা যাদের স্বামী বা স্ত্রী চাকরি করেন, তাদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে তা বিশেষ বিবেচনায় নেওয়া হবে। এই পদায়ন মেধাভিত্তিক হবে এবং এর সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।’

নতুন চিকিৎসকদের নিয়ে আশা প্রকাশ করে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘তরুণ এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হওয়ার পর উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কারণ, তাদের নিয়োগ প্রক্রিয়া ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে এবং পদায়নও ন্যায্যতার ভিত্তিতেই হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি