ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

এদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। পরে জামিনের আবেদন করলে বিচারক মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

এর আগে গতকাল বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমণি। তাঁর আইনজীবীর পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নাকচ করেন। পরে পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। 

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমণিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তাঁর অভিযোগ, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমণি ও তাঁর সহযোগীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে মারধর, গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়।

 এ সময় তাঁর দিকে গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারা এবং ক্লাবে ভাঙচুরের অভিযোগও করেন তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, বোট ক্লাবের ওই ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে আগেই মামলা করেছিলেন পরীমণি। এ মামলায় এর আগেও আদালতে অনুপস্থিতির কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

ঐ.মিষ্টি /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি