ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, ১ জনকে বাধ্যতামূলক অবসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৪, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিতি, শৃঙ্খলাভঙ্গ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার দায়ে বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত বা বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে অপর এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।

চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান এবং সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান। অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যমতে, পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালনকালে প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। কাজে ফেরার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার যোগাযোগ ও নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। বিভাগীয় তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই তার বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

ডিএমপির সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ছাড়েন। ছুটি শেষে ২৩ এপ্রিল তার কাজে যোগদানের কথা থাকলেও তিনি আর ফেরেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগের তদন্তে যান। সেখানে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন এলাকায় ঘোরান।

পরবর্তীতে অপহৃতদের একজনের পরিচিত একটি বাড়িতে আটকে রেখে মুঠোফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। ওই ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ সহযোগীসহ তাকে হাতেনাতে আটক করে। বিভাগীয় তদন্তে এই গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার কথা বলে তিনি ঢাকায় যাওয়ার অনুমতি নেন। কিন্তু নির্ধারিত হাসপাতালের পরিবর্তে ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন এবং পরবর্তীতে কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে আর ফেরেননি। ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার দায়ে ওই তারিখ থেকেই তাকে বরখাস্ত করা হয়েছে।

গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার চাকরিতে যোগদানের কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকেন। সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় এবং স্থায়ী ঠিকানায় তিন দফা নোটিশ পাঠিয়েও তাকে কর্মস্থলে ফেরানো যায়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অবস্থায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত থাকাকালীন তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় এক পুলিশ পরিদর্শককে নিজের দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে নথিবদ্ধ করতে বলেন। পরবর্তীতে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভাগীয় তদন্তে পলায়ন ও অসদাচরণের দায়ে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও কাজে যোগ দেননি। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুরুতে তাকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে অভিযোগের মাত্রা ও সার্বিক দিক বিবেচনায় শাস্তির ধরন পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি