ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আ.লীগের হামলা

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সময়  সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে এ ঘটনা ঘটে।  

এ সময় হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ ঘটনাস্থলে অ্যাকশনে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়।

এর আগে সংবর্ধনাস্থলের বাইরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা। এ ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়া করা হয় বেসরকারি নিরাপত্তাকর্মী।

তবে এসব নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় অতিথিদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারতে এবং লাঠি নিয়ে হামলা করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেয়। হামলার ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি