ঢাকা, শনিবার   ১০ অক্টোবর ২০২৬

‘গড়ি একসঙ্গে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’লক্ষ্য নিয়ে যাত্রা শুরু শাহীন কেয়ার্স ট্রাস্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৮, ৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ—এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা শাহীন কেয়ার্স ট্রাস্ট। 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাব লিমিটেডের ব্যাঙ্কুয়েট হলে ট্রাস্টের শুভ উদ্বোধন এবং একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংযম, শৃঙ্খলা—এই মূলমন্ত্রকে ধারণ করে বিএএফ শাহীন কলেজ তেজগাঁও ঢাকার ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই ট্রাস্ট গঠিত হয়েছে। এটি বাংলাদেশসহ উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় ছড়িয়ে থাকা প্রাক্তন শাহীনদের বৈশ্বিক যোগাযোগের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ট্রাস্টের বোর্ড সদস্য সেলিন সুলতানা, ফাজল সালাউদ্দিন ও রোজানা রউফ। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশন করে, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এরপর শাহীন কেয়ার্স ট্রাস্টের চেয়ারপারসন দাতা মাগফুর অংশীদারিত্ব ও টেকসই উন্নয়নের ওপর জোর দিয়ে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের এই যাত্রায় তাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ট্রাস্টের বোর্ড সদস্য শাহনাজ শারমীন এই ট্রাস্ট গঠনের পেছনের গল্পটি সবার সামনে অত্যন্ত আবেগপূর্ণভাবে তুলে ধরেন। তিনি স্মরণ করেন কীভাবে স্কুলের দিনগুলো শেষ করে বন্ধুরা নিজ নিজ কর্মজীবনে প্রবেশ করে এবং একপর্যায়ে সমাজের মানুষের জন্য কিছু করার তাগিদ থেকে এই ট্রাস্টের ভাবনা শুরু হয়। 

এ সময় ডিজিটাল স্ক্রিনে ট্রাস্টের জন্মলগ্নের স্মৃতি ও ১৯৮৯ সালের সোনালী দিনগুলো নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র দ্য জার্নি অফ ৮৯ প্রদর্শন করা হয়। এরপর সকল সম্মানিত ট্রাস্টি সদস্যদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ট্রাস্টের সাধারণ সম্পাদক সুমনা বিনতে মাসুদ ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাঁচটি মূল স্তম্ভ সবার সামনে উপস্থাপন করেন। এই স্তম্ভগুলো হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বনির্ভরতা, যুব কর্মসংস্থান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রবীণদের মর্যাদাপূর্ণ যত্ন, এনজিওগুলোর প্রাতিষ্ঠানিক টেকসই উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষকসহ বৃহত্তর শাহীন পরিবারের জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো। লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকার সাতারকুলে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন ভাইবোনদের উন্নয়ন, শিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘ তিন বছর মেয়াদি একটি যৌথ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বলা বনিক ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এভাবে সবাই এগিয়ে আসলে তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা খুব দ্রুত সম্ভব হবে। চুক্তি স্বাক্ষরের পর সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। 

এরপর উন্মুক্ত আলোচনা সেশনে অতিথিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন ট্রাস্টের বোর্ড মেম্বার ব্যারিস্টার মাজেদুল ইসলাম ও অর্ণিবান আফতাব। সবশেষে প্রাক্তন শাহীনদের এই কল্যাণমূলক ট্রাস্টের সাথে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ আনিসুজ্জামান নাসের খান।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি