ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রা শুরু, সদরঘাটে বাড়ছে ঘরমুখো যাত্রীদের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ১৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরের শেষ কার্যদিবস ছিল সোমবার। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। 

সড়ক ও রেলপথের পাশাপাশি অনেকেই বেছে নিচ্ছেন নৌপথ। এতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দেখা যায়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গন্তব্যে যাওয়া যাত্রীদের চাপ বিকেল থেকেই বাড়তে থাকে। শিশু থেকে বৃদ্ধ—সব শ্রেণি-পেশার যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার টার্মিনালে যাত্রীর সংখ্যা কিছুটা কম বলে জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদের ছুটি শুরুর প্রথম দিনে যাত্রীদের চাপ তুলনামূলক কম। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানায়, সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৪১টি নৌরুট থাকলেও আজ ৩৬টি রুটে প্রায় ৬০ থেকে ৭০টি লঞ্চ চলাচল করছে।

এমআর // 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি