ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

ছিনতাইকারীর ব্যাগ টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর তুরাগের মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাজার করে অটোরিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেলসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগে টান দেয়। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। বর্তমানে তারা রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি