ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ১২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।  

সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দুপুরে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।  

সুপ্রিম কোর্টেসহ দুইদফা জানাজা শেষে  সোমবার (১৩ এপ্রিল) ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে বলে জানান আইনজীবী আকসির এম চৌধুরী। 

শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি কুমিল্লায় ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন । ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত বছরের ১২ আগস্ট শফিক আহমেদের স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান। ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি