ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে ফুটপাত দখল করে রাখা গাড়ির বিরুদ্ধে ট্রাফিক অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাত দখল ও যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের রমনা ট্রাফিক বিভাগ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শাহবাগ ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান শাকিল। অভিযানে অংশ নেন টিআই লোকমান হোসেন, সার্জেন্ট শফিকুর রহমান, সার্জেন্ট মিজানুর রহমান, সার্জেন্ট সাইদুর, সার্জেন্ট রানা পালসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ০৫টি ভিডিও মামলা এবং ০৭টি তাৎক্ষণিক প্রসিকিউশন মামলা দায়ের করা হয়। পাশাপাশি রেকারের মাধ্যমে ০৬টি ক্ষেত্রে তাৎক্ষণিক নগদ বিল আদায় করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা থেকে প্রায় দুই পিকআপসম পরিমাণ মালামাল জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। অভিযানের সময় হকার ও অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করা হয়, যাতে ভবিষ্যতে তারা সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি