ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ আসামি ডেভিড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

‎নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার আসামিদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার হাশেমবাগ, দেওভোগ, নাগবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ছয়জনকে।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ চারজন। অভিযানের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ডেভিডকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে তার পায়ে গুলি লাগে।

‎এদিকে, পুলিশের বিশেষায়িত দল এসআরবির পৃথক অভিযানে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে।

‎বুধবার সকালে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

এর আগে, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। 

এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

‎পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি