ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬

কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ৪ মে ২০২৬ | আপডেট: ১৯:০৩, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) গভীর রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা এলাকায় ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই দম্পতি অটোরিকশাযোগে বরুড়া থেকে চান্দিনার মাইজখার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটে রওনা দেন। রাত আনুমানিক ১টার দিকে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগে আরও বলা হয়, ভোররাতে অভিযুক্তরা ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার স্বামীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্বামী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। ভোর ৫টার দিকে কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে এবং পরে আরও লোকজন এনে তার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। এসময় তিনি পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে।

ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী চরম মানসিক আঘাতে রয়েছেন বলেও জানান তিনি। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি