ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে আটক ১৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৪, ৫ মে ২০২৬ | আপডেট: ২০:৫২, ৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া শামীম মিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চনপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শামীম মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ সময় শামীমের অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে ঘিরে ফেলে এবং পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।

পরবর্তীতে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযানের সময় একদল দুর্বৃত্ত মব তৈরি করে আসামিকে ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি