সরকার গণতন্ত্র ও সংবিধান বিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
প্রকাশিত : ১৭:৩৮, ৯ মে ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণতন্ত্র বিরোধী কাজ করছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে সিটি কর্পোরেশনে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। যেটা চরম গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কাজ।
তিনি বলেন, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবে কিন্তু সরকার এসে নিজেই সিলেক্টেট দলীয় লোক দিয়ে কাজ করছে।
শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁওয়ে মানব কল্যাণ পরিষদ এবং রিসোর্ট সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সেক্রেটারি জেনারেল বলেন, কোন কোন্দলকে সামনে এনে আমরা জাতিকে পিছিয়ে দিতে চাই না।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের আশা-আকাঙ্ক্ষা যদি পিছিয়ে যায়, তাহলে তা আইনের ভিত্তিতেই মোকাবিলা করতে হবে।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পারওয়ার বলেন, আওয়ামী লীগের ব্যাপারে অন্তবর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমানে নির্বাচিত সরকার তারা এসেও সেই সিদ্ধান্তের উপর বহাল রেখেছে। সরকার যদি মনে করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা মূল্যায়ন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, কখন কোনটা করতে হবে, সেটা আইনসিদ্ধভাবে করেন, সেটা সরকারের বিষয়। তবে আমরা মনে করি, আওয়ামী লীগ, বিএনপি, এক্স, ওয়াই, জেড কোন দলের নাম আমি বলবো না, গণতন্ত্রের একটা বিউটি যদি কোন রাজনৈতিক দল দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে এবং আইনি নিবন্ধন থাকে সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করা গণতন্ত্রের সৌন্দর্য।
শ্যাডো ক্যাবিনেট প্রসঙ্গে তিনি বলেন, এটি গণতন্ত্রের জন্য খুবই সহায়ক। শ্যাডো ক্যাবিনেট গঠনের কাজ অভ্যন্তরীণভাবে চলছে। কাজটি আরও গুছিয়ে অফিসিয়ালি জানানো হবে।
জোট রাজনীতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের জন্য জোট গঠন করা হয়েছিল। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “পরিস্থিতিই সবকিছু বলে দেবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি জেনারেল আলমগীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এএইচ
আরও পড়ুন










