ঢাকা, রবিবার   ১০ মে ২০২৬

ইউক্রেনের হামলায় রাশিয়ায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের রিয়াদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ৯ মে ২০২৬ | আপডেট: ১৯:৫৭, ৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ায় কিশোরগঞ্জের যুবক রিয়াদ নিহত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

নিহত মো. রিয়াদ রশিদ (২৮) জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ।

​নিহতের পিতা জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ জানান, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে রিয়াদের মৃত্যুর সংবাদটি জানান। 

মেসেঞ্জারে লিমন জানায়, গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। আহত হন তিনজন। আরও জানায়, রিয়াদ ও লিমন গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। রিয়াদের ব্যাচ নম্বর ছিল ৭৩৫। ওই ড্রোন হামলায় লিমনও একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানায় সে।

রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যায়। তবে রুশ সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি আমাদের জানা ছিলনা। গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাঁকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিল।

​করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পেরে পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সরকারিভাবে এ ঘটনার কোন তথ্য আমাদের কাছে নেই। তবে, আমরা ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি