ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবনে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিমগাছী এলাকায় গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, ঘটনার সময় ব্যাংকটিতে অডিট চলছিল। অডিটের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায় পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়। 

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি