ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর পৌর এলাকায় এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে অটোচালক সুজন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে ঠাকুরগাঁও শহরের কাছে হাজির মোড়সংলগ্ন বন বিভাগ অফিসের পেছনের শালবাগানে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে তাঁর স্বামীর বাড়ি। শুক্রবার বিকেলে ওই নারী পঞ্চগড় থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় বাসে উঠতে না পেরে বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করেন। 

রাত ৯টার দিকে সুজন তাঁকে গন্তব্যের কথা জিজ্ঞাসা করে। টাকা না থাকার কথা জানালে সুজন ভুক্তভোগীকে বাসে তুলে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের অটোরিকশায় ওঠায়। পরে হাজির মোড় এলাকার বন বিভাগ কার্যালয়ের পেছনের শালবাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সুজন তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ফটকের সামনে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। 

আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে এবং হাসপাতালে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি