নরসিংদীতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত : ১৭:১৬, ১৫ অক্টোবর ২০২৬
নরসিংদীর রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় চালকসহ আরও ১১ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলার মাহমুদনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উজ্জ্বল (৩৫)। তিনি রায়পুরার মেথিকান্দা এলাকার নারায়ণ চন্দ্র শীলের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নরসিংদীর আরশিনগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মাহমুদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক (রায়পুরা) থেকে আসা আরেকটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি অটোরিকশাই দুমড়েমুচড়ে যায় এবং দুই সিএনজির চালকসহ ১২ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার
১২ জন রোগীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছিল। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিরা নরসিংদী সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এমএইচ
আরও পড়ুন










