নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন
প্রকাশিত : ১০:৩৬, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০৪, ২০ অক্টোবর ২০২৬
নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হন অন্তত ৩০ জন যাত্রী।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেয়ার পর মারা যান ৫ জন।
এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বরাইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে যান। এছাড়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুমনী আক্তার।
পরবর্তীতে সেখানে যান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া বনপাড়া-চাঁপাই ও বনপাড়া-কুষ্টিয়া হয়ে খুলনা মহাসড়ক ছয়লেনে উন্নিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










