নরসিংদীতে ডাইংয়ের বয়লারে আগুন, দুই ইঞ্জিনিয়ারসহ আহত ৪
প্রকাশিত : ২২:১৯, ২১ অক্টোবর ২০২৬
নরসিংদীর সদর উপজেলার মাধবদীর একটি ডাইং ফ্যাক্টরীর বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকালে মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে ডাইংয়ের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকি দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ বিকালে মাধবদীর বিরামপুরে এলাকার কালীবাড়ি ডাইং ফ্যাক্টরির একটি বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে নরসিংদী ফয়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নির্বাপণে যুক্ত হয়।
মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বয়লারের স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, আমরা বিকালে খবর পাই মাধবদীর একটি ফ্যাক্টরির বয়লারে আগুনের ঘটনা ঘটেছে। পরে মাধবদী ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে নরসিংদী ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হতে পারে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ যানা যাবে।
এএইচ
আরও পড়ুন










