রাজশাহী বোর্ডে ১৪.৩৪ শতাংশ কমেছে পাসের হার, ৩৯ কলেজে শতভাগ ফেল
প্রকাশিত : ১৫:৫৮, ৩১ অক্টোবর ২০২৬
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার বোর্ডটিতে মাত্র ৪৫ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ।
শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, এ বছর বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে ৬১ হাজার ৮৯৪ জন পাস করেছে। ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৫৩ দশমিক ০৩ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। এবার বোর্ডের মোট ৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন, মেয়ে ২ হাজার ৫৫৫ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরীন আরও জানান, বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীদের এবার ২০৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা চলাকালে এবার ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বিভাগের আট জেলায় এবার মাত্র ৯টি কলেজ শতভাগ পাসের দেখা পেয়েছে। আর ৩৯টি কলেজের কেউ পাসই করেনি।
এ বোর্ডে ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
এএইচ
আরও পড়ুন










