ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬

টিকটক ভিডিও নিয়ে বিরোধে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ৩১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটকে ভিডিও রিলস নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর  সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। 

এ সময় আতংক ছড়িয়ে পড়লে পুরো বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুরে গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চারজন বন্ধু হন। গেল বৃহস্পতিবার টিকটকে ভিডিও রিলস নিয়ে সিয়াম ও ফাহাদের সাথে আরিফ ও বক্করের ঝগড়া হয়। 

এর জের ধরে শুক্রবার উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে আজ শনিবার বিষয়টি মীমাংসা করতে আশুগঞ্জ বাজারে শালিসের আয়োজন করা হয়। সেখানে বিষয়টি মীমাংসা হলেও উভয়পক্ষ আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাজারজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, টিকটক ভিডিও রিলস নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ দ্রুত সময়ের মধ্যে সংঘর্ষ  থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি