নারায়ণগঞ্জে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, গুদাম সিলগালা
প্রকাশিত : ১১:১৬, ২ নভেম্বর ২০২৬
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়ে ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ সোমবার (০২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আগে রোবাবার এ অভিযান পরিচালনা করা হয়।
বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মেসার্স এম আর ট্রেডার্সের গুদামটি সিলগালা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস জানায়,, মেসার্স এম আর ট্রেডার্সের গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটি এসব পণ্য ক্রয়, আমদানি কিংবা বৈধভাবে মজুদের স্বপক্ষে কোনো দলিলপত্র দেখাতে পারেনি। এ কারণে মজুদকৃত পণ্যসহ গুদামটি সিলগালা করা হয়।
একই অভিযোগ যাচাইয়ে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর সি-১২৯৩৪৮২ মাধ্যমে ভারত থেকে ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইট বন্ড সুবিধায় আমদানি করেছিল। তবে সরেজমিনে অভিযানকালে প্রতিষ্ঠানটি আমদানি করা ওই কেমিক্যালের মজুদ দেখাতে পারেনি।
বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যাল উৎপাদন কাজে ব্যবহার না করে খোলাবাজারে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা।
বন্ডেড প্রতিষ্ঠানে আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং নন-বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ কেমিক্যালের মজুদ পাওয়ার মধ্যে সম্ভাব্য যোগসূত্র তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কেমিক্যালের প্রকৃত উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য, বন্ড সুবিধার অপব্যবহার এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, শুল্কমুক্ত কাঁচামালের অবৈধ বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
আরও পড়ুন










