ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

শ্রমিকদের আবেগকে পুঁজি করে নৈরাজ্যের চেষ্টা করছে একটি গোষ্ঠী: ডিআইজি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৫, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত ছিলেন।

ডিআইজি বলেন, আশুলিয়ায় গুটিকয়েক কারখানা ছাড়া সব জায়গায় নিরাপদে কাজ চলছে। শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বন্ধ কারখানা খুলে দিতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শ্রমিকদের আবাসস্থল, রাস্তাঘাট ও কারখানায় নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে আবাসিক এলাকাগুলোতে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

চলমান আন্দোলন শ্রমিকদের নয়, বরং একটি গোষ্ঠী শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আশুলিয়া ও সাভারে ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার এবং আটটি মামলা হয়েছে বলেও জানান ডিআইজি।

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শ্রমিকদের নির্ভয়ে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি