ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

নিখোঁজের ২ দিন পর ডোবায় মিললো দশম শ্রেণীর ছাত্রীর মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ী থেকে দুইশত গজ দূরে একটি ডোবা থেকে ইসরাত জাহান যুথি (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

নিহত ইসরাত জাহান যুথি সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মোঃ জামাল হাওলাদারের কন্যা।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, যুথি প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ে পরীক্ষার পরে যুথি বাড়ী না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পায়নি। 

বুধবার নিখোঁজ মেয়ের সন্ধানে জামাল হাওলাদার বের হলে বাড়ি থেকে প্রায় দুইশ গজ দূরে একটি বাগানের পার্শ্বে গ্রামীণ সড়কে যুথির ব্যবহৃত জুতা দেখতে পান। জুতার সূত্র ধরে খোঁজ করতে করতে বাগানের ভেতরে একটি ডোবার মধ্যে মেয়ের মরদেহ পরে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।

পরে থানা পুলিশে খবর দিলে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, ইসরাত জাহান যুথি নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি