ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৩, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আইসিইউতে থাকা শিক্ষার্থীরা হলেন—ইউসুফ মিয়া (১৮), খাইরুল হোসেন (২২) ও জোবায়ের হোসেন (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান মিয়া জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসে সূত্রে জানা যায়, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গেলে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে তারা অসুস্থ হয়ে পড়ে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৬৩ জন শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি