ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
প্রকাশিত : ১২:১৬, ১০ নভেম্বর ২০২৬
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
নিহত কালাচাঁন ফরিদপুরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা। পরে চালককে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ
আরও পড়ুন










