মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা তিনটি ককটেল উদ্ধার
প্রকাশিত : ১০:৫২, ১১ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সারারাত বোমাতঙ্কের পর এবার মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো টেপ পেঁচানো ছিলো। পাশাপাশি সাদা কাগজে চিরকুটে ‘জয় বাংলা’ লেখা ছিল।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকনের বাড়ির সামনে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে একটি এবং আইয়ুব নবী রহমানের বাড়ির সামনে থেকে আরেকটি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে, রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি ককটেল উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাতের আঁধারে কোন সময় দুর্বৃত্তরা এসব রেখে গেছে। পুলিশ মাঠে কাজ করছে বোমাবাজদের ধরে শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










