গোপালগঞ্জের আরও এক থানায় আগুন, এমপির বাড়ি ভাংচুর
প্রকাশিত : ১৫:০২, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৩, ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে পুড়িয়েছেন তারা। এছাড়া এমপি সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেন দলটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরবর্তীতে থানা ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।
অন্যদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগর ঘটনা ঘটেছে। কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী তার বাড়িতে হামলা এবং পরবর্তীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরপর দুপুর ১টার দিকে মুকসুদপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে ভাঙচুরের ঘটনা চলছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করছেন এবং লকডাউন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন।
এ ছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া এবং কাশিয়ানীতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনীর কোন অভিযান চোখে পড়েনি। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে ২১ প্লাটুন বিজিবি এবং আট প্লাটুন আনসার মোতায়েন রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
এএইচ
আরও পড়ুন










