ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা ১২ দিনে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার এই সময়ে হামলার লক্ষ্যবস্তু হয়েছে পুলিশের স্থাপনা ও গাড়িও। এসব সহিংস ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা রুজু করেছে পুলিশ এবং অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

পুলিশ সদর দপ্তরের দেওয়া হিসাব বলছে, গত ১২ দিনে দেশের নানা স্থানে পুলিশের ৩টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর পাশাপাশি বাহিনীর ১৮টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পুলিশের দুটি স্থাপনায় ককটেল হামলার ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের আরও একটি গাড়ি। সব মিলিয়ে সারাদেশে মোট ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

এসব নাশকতামূলক কর্মকাণ্ডের জেরে এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে, যাতে গ্রেফতার হয়েছেন ৬৩ জন। তবে সংঘটিত প্রতিটি ঘটনার বিপরীতে আলাদাভাবে মোট কতটি মামলা হয়েছে, সেই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।

এদিকে, টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চলন্ত গণপরিবহনে অগ্নিসংযোগ, জনাকীর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ এবং খোদ পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ সম্পর্কে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল ও নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং যেকোনো ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং কার্যক্রম স্থগিত থাকা দলগুলো যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ দেশে অস্থিতিশীলতা তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি