ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’—নিহত জাসাস নেতার বোনের আহাজারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। 

এমনকি ময়নাতদন্তের জন্য বুধবার রাতেই মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত তা সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও পুলিশ।

এ ঘটনার পর থেকে পুরো কালিয়া উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতরা হলেন—কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্বজনদের অভিযোগ, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালিয়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মিছিলটি পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সোহেল রানা ও শাহীনুর ইসলামকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে বড় কালিয়ায় নিজ বাড়িতে ভাই হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহত জাসাস নেতা সোহেল রানার বোন জ্যোতি খানম। বুক চাপড়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘লাশ নেব না। আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইকে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের গলা কাটা, হাত-পায়ের রগ কাটা, মাথায় গুলি। আমার সোনার টুকরো ভাই, আমার ভাইয়ের মনে যে কী মায়া! সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই। আমারে যারা ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো মানুষ ভাইহারা না হয়।’

ওই বাড়িতে উপস্থিত আরেক স্বজন অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মুক্তি বিশ্বাসের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

অন্যদিকে, সকালে নিহত পৌর কৃষক দল নেতা শাহীনুর ইসলামের বাড়িতেও ছিল শোকের মাতম। তাঁর স্ত্রী রিমা খাতুন আক্ষেপ করে বলেন, ‘ঘটনা সবাই জানবে-শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভেতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে না। আমার সন্তান বাপ হারাইছে। আমি দশ বছরের সংসার হারাইছি।’

শাহীনুরের বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, ‘ওরা সন্ধ্যার সময় মিছিলে গেছিল মোটরসাইকেল নিয়ে। এমপির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি) বাড়ির কাছের একটা মোড়ে গেলে ওদের ওপর হামলা করেছে, মেরেছে। এখন সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি। তবে এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে এবং খুনিদের গ্রেফতারে জোরদার অভিযান চলছে। খুব দ্রুতই ভালো ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি