ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

অপ্রতিম হত্যার বিচার দুই আদালতে, শুরু ২৯ নভেম্বর 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৯, ২১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। আসামিরা কারাগারে আছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি হবে। অপ্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

তিনি জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে হবে। আমরা আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় জিডি করেন তার বাবা।

পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।

পুলিশের তদন্ত অনুযায়ী, অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এ ছাড়া তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের সত্যতা ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি