ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

এবার পাবনায় জামায়াত নেতাদের ৪ বাড়িতে আগুন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৭, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার পর এবার স্থানীয় জামায়াত নেতাদের চারটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের শিকার বাড়িগুলো সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুর ইসলামের বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও ততক্ষণে বাড়িগুলো পুড়ে যায়।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই ইউনিয়নের রঙ্গিলা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ জন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে গোলাগুলি ও পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি