কালকিনিতে সংঘর্ষের পর রাতভর বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ
প্রকাশিত : ১৭:৪৯, ২৮ নভেম্বর ২০২৬
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (গত রাত) আনুমানিক ১টা থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় এসব হামলার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
হামলায় কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঠেঙ্গামারা এলাকার জিনু হাওলাদার, সেকেন হাওলাদার, হান্নান হাওলাদার, লুৎফর হাওলাদার, ইনু হাওলাদার, ইমাম হাওলাদার ও মঞ্জিল হাওলাদারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একই এলাকার বেলাল হাওলাদার, হায়দার সরদার ও শহিদুল সরদারের দোকানেও হামলা ও ভাঙচুর চালানো হয়।
এছাড়া উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল রাড়ির বসতবাড়িতেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে, কালকিনি পৌরসভার চর বিভাগদী এলাকার ইলিয়াস বালির ভাঙারির দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের অনেকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন; তবুও তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডব চালানো হয়েছে। গভীর রাতে এমন আকস্মিক হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, "হামলার ঘটনাগুলো নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন










