ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

ফরিদপুরে হেলপারকে হত্যা করে বাস ছিনতাই          

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপারকে হত্যা করে একটি বাস ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। হেলপার সাদ্দাম হোসেনকে (২০) হত্যা করে শহর থেকে ৩০ কিলোমিটার দূরে বৃহস্পতিবার সকালে নিউ নুপুর পরিবহনের ওই বাসটি ভাঙ্গা চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে পুলিশ। 

এ সময় বাসের ভেতর থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় বাসের হেলপার সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের পুত্র। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে যশোর রোডে চলা নিউ নুপুর পরিবহনের ওই বাসটি বুধবার রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাই করে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারকে নির্মমভাবে হত্যা করে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। পথিমধ্যে ফরিদপুর থেকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে বাসটির চালক ভুলবসতঃ চার লেন সড়কে প্রবেশ করে বাসটি ঘোরাতে না পেরে বাসটি ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বাসটির মালিক ফরিদপুর শহরের বাসিন্দা হাজী জয়নাল জানান, রাতে বাসের ভেতরে ঘুমিয়েছিল সাদ্দাম। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে সাদ্দামকে হত্যা করে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রটি। 

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানায় খবর দেয়। হাইওয়ে থানা পুলিশ বাসের ভেতরে মরদেহ দেখতে পান এবং বাসটি উদ্ধার করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি