শীতের প্রকোপে বেড়েছে গরম কাপড়ের দাম
প্রকাশিত : ২১:০৯, ১৮ ডিসেম্বর ২০১৯
পাহাড় থেকে নেমে আসা উত্তরীয় হিমেল বায়ু প্রবাহের কারণে ঠাকুরগাঁওয়ে শীত ও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা। বুধবার দিনব্যাপী কুয়াশাছন্ন আকাশে সূর্যের দেখা মিলেনি। ফলে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও অসহায় মানুষ এবং দিন-মজুরেরা। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
এ সময়ে সাবধানতা অবলম্বনের জন্য চিকিৎকসরা পরামর্শ দিচ্ছেন। তাপমাত্রা ১১ ডিগ্রী থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নতুন ও পুরাতন গরম কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। ফলে গরম কাপড় কেনা সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে। এর ফলে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজন শীতের কাপড় কিনতে পারছে না। দামের কারণে অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন।
গত কয়েকদিন ধরে বিকেল থেকে শুরু হচ্ছে ঠান্ড বাতাস এবং মধ্যরাত থেকে অনেক বেলা অবদি বৃষ্টির ন্যায় ঝড়ছে কুয়াশা। এই শীতে বিশেষ করে শিশু এবং বয়স্করা কষ্ট পাচ্ছে। গরীব ও অসহায় মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী শীত মোকাবেলা করলেও পুরনো লেপ কাঁথা আর খড়কুটোর আগুনই শীত নিবারনের একমাত্র ভরসা। এদিকে শীতে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া আর শ্বাসকষ্টে। চিকিৎসার জন্য ভর্তি হচ্ছে হাসপাতালে।
ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলার ৫৩টি ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমুলদের মধ্যে জেলা প্রশাসন এ পর্যন্ত ২৫ হাজার কম্বল বন্টন করেছেন। আরও শীতবস্ত্রের চাহিদা জানিয়ে জরুরি বার্তা পাঠিয়েছে জেলার ত্রাণ বিভাগ।
কেআই/আরকে
আরও পড়ুন










