ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

ফরিদপুরে পৃথক হামলায় ২ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ২৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুরে ১২ ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের হামলায় দুই জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর সদর ও সদরপুর উপজেলায় পৃথক পৃথক হামলার ঘটনায় ভুট্টো মোল্লা ও আতাহার মোল্লা নামের দু’জনের মৃত্যু হয়।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ভুট্টো মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সোহরাব মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার জুলফিকার আলীর পরিবারের মধ্যে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন ভুট্টো মোল্লাসহ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মককভাবে আহত করে।

আহতদের মধ্যে ভুট্টো হাসপাতালে নেবার পথে মারা যান। অন্যদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

অন্যদিকে একই দিন ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের ডাঙ্গি গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আতাহার মোল্লা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত আতাহার মোল্লাকে সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। আতাহার মোল্লার লাশ ময়না তদন্তের জন্য ফমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে চরমানাইর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন, জহির মোল্লর সঙ্গে আতা মোল্লাদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জহির মোল্লর সমর্থকদের হামলায় আতা মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিরোধকারীরা উভয়পক্ষই এমপি নিক্সন চৌধুরীর সমর্থক এবং পরস্পর আত্মীয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি