ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

মুহুরী সেতুকে কেন্দ্র করে নতুন আশা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ২৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রাম জেলার সাথে বৃহত্তর নোয়াখালী, লক্ষীপুর এবং ফেনী জেলার সড়ক যোগাযোগের সুবিধার্থে ফেনী নদীতে মুহুরী সেতু নির্মাণ করছে সড়ক ও জনপদ বিভাগ। এতে করে সড়ক পথে ২ ঘন্টার কম সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসতে পারবেন তিন জেলার বাসিন্দারা। 

সেতুটি নির্মাণের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবেও ব্যবহৃত হবে সোনাপুর-সোনাগাজী- জোরারগঞ্জ সড়কটি। এছাড়া সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি।

ফেনী জেলা সওজ সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়ক ও ফেনী জেলার সোনাগাজী সড়কের সাথে সংযোগ করে ফেনী নদীর উপর মুহুরী সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ। ৫৪ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ করছে হাসান টেকনো বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

সেতুটির দৈর্ঘ্য ৩৯১ মিটার, প্রস্থ ১০.২৫ মিটার, ৯টি স্প্যানে ৮টি পিলার, ২টি এ্যাপার্টমেন্ট হবে। মোট ফাইলিং হবে ১২৮টি। প্রতিটি ফাইলিং ৩৮ মিটার থেকে ৪৮ মিটার পর্যন্ত গভীর করা হয়েছে। প্রতি স্প্যানে ৫টি করে মোট ৪৫টি গার্ডার বসানো হবে। 

সেতুর কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। ৫টি পিলারের বেজ ঢালাই হয়েছে। ইতোমধ্যে ২টি গার্ডার তৈরি করা হয়েছে। ফাইলিং বাকী আছে ১০টির। সেতুর জন্য দুই পাশে ৪শ’ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়েছে। নির্মাণ সময় ধরা হয়েছে ১৮ মাস।

ফেনী জেলার উপ-সহকারি প্রকৌশলী এবং মুহুরী সেতুর প্রকল্প পরিচালক মাজহারুল হক বলেন, মুহুরী সেতুটি নোয়াখালী জেলার সোনাপুর সড়ক ও ফেনী জেলার সোনাগাজী সড়কের সাথে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের জোরারগঞ্জ সড়কের সঙ্গে সংযুক্ত হবে। এতে করে সোনাপুর ও সোনাগাজীর বাসিন্দারা প্রায় ২ ঘন্টা কম সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবেন। 

সেতুটি নির্মাণ করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে যাতায়াত সুবিধা বাড়বে। মুহুরী সেতুর ফাইলিংয়ের কাজ ৯০ শতাংশ আর সেতুর সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। 

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সেতুটি দিয়ে গাড়ী চলাচল করবে বলে আশার কথা জানান প্রকল্প পরিচালক।

মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, সড়ক পথে যোগাযোগ ও অর্থনৈতিক বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে মিরসরাই উপজেলা এখন খুবই গুরুত্বপূর্ণ। নির্মাণাধীন মুহুরী সেতু চালু হলে তিন জেলার বাসিন্দাদের অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন আসবে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি